যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিল অনুমোদন করেছেন। এই বিল পাস হলে ট্রাম্প প্রশাসন ভারত, চীন, ব্রাজিলসহ অন্যান্য দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে।
‘গ্রাহাম–ব্লুমেনথাল’ নামে পরিচিত এই দ্বিপক্ষীয় (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) বিলটি সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল প্রণয়ন করেছেন। বিল অনুযায়ী, যারা রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে, তাদের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।
সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, এই বিলের লক্ষ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থের মূল উৎস বন্ধ করা এবং মস্কোকে চাপের মধ্যে এনে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসানো। তিনি আশা করছেন, আগামী সপ্তাহে বিলটি নিয়ে ভোটাভুটি হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যের ক্ষেত্রে ভারত ৫০ শতাংশ শুল্ক আরোপ করছে। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন বিল পাস হলে এই শুল্ক আকাশচুম্বী মাত্রায় পৌঁছাতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে।





