ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩

বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ তিন সদস্য নিহত হয়েছে। রবিবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।


আইএসপিআর জানায়, বেলুচিস্তানের পাংজুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত তিন ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করা হয়েছে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল ও ওয়াসিম নিহত হন।


বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এলাকায় ভারত-সমর্থিত অন্যান্য ‘সন্ত্রাসীদের’ খোঁজে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে।


আইএসপিআর জানায়, ‘আজমে ইস্তেহকাম’ নীতির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশ এসব হামলার সবচেয়ে বেশি প্রভাবের মুখে পড়েছে।


আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত ৬ জানুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২০২৫ সালে দেশজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ২ হাজার ৫৯৭ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।