পাকিস্তানে হামলার জবাবে প্রতিরোধ গড়ে তুলে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব যুদ্ধবিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সুখোই এসইউ-৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফালক্রাম।

\r\n

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

\r\n

তিনি জানান, সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি এবং সব ফাইটার জেট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। একইসঙ্গে ভূপাতিত হওয়া ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের কয়েকজনকে আটক করার কথাও দাবি করেছে ইসলামাবাদ।

\r\n

এছাড়া সীমান্তে ভারতের একটি সামরিক ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করে দেওয়ার কথাও জানিয়েছে পাকিস্তান। দাবি করা হয়েছে, কাশ্মীর সীমান্তের ধুনদিয়াল সেক্টরে অবস্থিত ওই স্থাপনাটি সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়।

\r\n

এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।