ভারতবিরোধী মনোভাবের’ অভিযোগে বাংলাদেশিদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত শিলিগুড়ির ব্যবসায়ীদের
কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে আসা রোগীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। তবে বর্তমানে সেই ছাড়ও প্রত্যাহার করা হয়েছে এবং এখন থেকে কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।
উজ্বল ঘোষ বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে সমিতিভুক্ত হোটেলগুলো বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দেওয়া বন্ধ করেছিল। তবে মানবিক কারণে শিক্ষা ও চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সে সময় নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল। কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এবার আর কোনো বাংলাদেশিকেই হোটেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সমিতির আওতাভুক্ত শিলিগুড়ির প্রায় ১৮০টি হোটেল এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করবে। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের দাবি।





