ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (এলওসি)–এর কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার (১ মে) এই মহড়ায় অংশ নেয় ট্যাংক, কামান, গোলাবারুদসহ সশস্ত্র সেনারা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সাধারণ সেনারা।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়। এর আগে বুধবার এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।
পাক সেনারা পাল্টা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এরপরই এলওসি এলাকায় এই উচ্চমাত্রার সামরিক মহড়া চালানো হয়।
দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়ে যখন ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল, সীমান্ত বন্ধসহ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এবং সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দেয়। এরই মধ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেন, বৃহস্পতিবারের মধ্যে ভারত হামলা চালাতে পারে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ বা স্বাধীনভাবে অভিযান পরিচালনার অনুমতি দেন।
\r\n\r\n\r\n\r\n\r\n
পাকিস্তান এর জবাবে সতর্ক করে জানায়, যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয়, তাহলে তার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।





