আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সংবাদ সম্মেলনে মো. আতাউর রহমান সরকার বলেন, তোলাতালা কেন্দ্রের এজেন্ট শফিকুল ইসলামের মা অসুস্থ থাকায় তিনি সরাসরি তাকে দেখতে যান। কুশলাদি বিনিময় শেষে বাড়ি থেকে বের হওয়ার সময় বাইরে হট্টগোলের শব্দ শুনে গাড়ির কাছে গেলে বিএনপির নেতা-কর্মীরা উভয় দিক থেকে তার গাড়ি, প্রতিনিধিদল এবং তাকে ঘেরাও করে।
তিনি অভিযোগ করে বলেন, “আমি গাড়িতে উঠতে চাইলে তারা বাধা দেয়। এমনকি আমার গাড়িচালককে মারধর করা হয়। আমাকে ও আমার সঙ্গে থাকা প্রতিনিধিদের নোংরা ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক,জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। তবে প্রায় ৪৫ মিনিট ধরে তারা ঘটনাস্থলে অবরুদ্ধ অবস্থায় থাকেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় মুরুব্বীদের সহায়তায় তিনি গাড়িতে উঠতে পারলেও অভিযুক্তরা গাড়ির ওপর হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় জড়িতদের মধ্যে বিএনপি নেতা মোশাররফ হোসেন, আখাউড়া উপজেলা যুবদলের দলের সভাপতি ইয়াসিন মিয়া, ধরখার ইউনিয়ন যুবদলের সভাপতি বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু, বিএনপি কর্মী রুবেল মিয়া ও তাদের সহযোগী নেতাকর্মীরা ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিষয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।





