ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্বর ও পৌর বাসস্ট্যান্ডে জমায়েত হন।

আসর নামাজের পর পৌর বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয় সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিল শেষে সমবায় মার্কেটের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, নবীনগরবাসীর ভালোবাসা ও সহযোগিতা তার রাজনৈতিক শক্তি ও অনুপ্রেরণা।

এ সময় আরও বক্তব্য দেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, জেলা বিএনপির সদস্য হযরত আলী, রকিবুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারী, পৌর যুবদলের সভাপতি আলী আজম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ।