ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে পথরবাহী ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ডিসেম্বর) ভোরে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদলের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাস্থ ঢাকা–সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসময় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক বিজিবি সদস্যদের দেখে রাস্তা পরিবর্তন করে পালানোর চেষ্টা করে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে বিজিবি।

টহলদল দ্রুত ধাওয়া দিয়ে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বিজয়নগরের চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ৪ ফুট পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের শাড়ি ৩৬৯ পিস, লেহেঙ্গা ৮৩ পিস, জিরা ৫৭০ কেজি, কসমেটিকস সামগ্রী ১৭,৯৫২ পিসসহ পুরো ট্রাকটি জব্দ করা হয়। আটককৃত এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮ শত টাকা। জব্দ মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

(২৫ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে মহাপরিচালক জানান, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বাস্তবায়নে সাম্প্রতিক সময়ে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদে ভিত্তিতে একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অবস্থান নেয়।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরালো করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।