ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এ সময় অনেককে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে লড়াইয়ে অংশ নিতে দেখা গেছে। সংঘর্ষের পর এলাকা এখনো থমথমে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষে সাচ্চু মিয়া পক্ষের নাসির উদ্দিন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





