আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক বর্ণাঢ্য র্যালি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় র্যালিটি শুরু হয়।
র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র্যালিটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি ও জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অতীতেও সততা, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে। সততা ও যোগ্যতার ভিত্তিতেই আমরা বিভিন্ন ছাত্রসংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছি।
জুলফিকার হায়দার রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত।
বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্রসমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে ছাত্রশিবিরের ভূমিকা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মকবুল হোসেন ও আতিকুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি হাফেজ কাওসার আহমেদ, নিপু খান ও আসিফ সালমানসহ বিভিন্ন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রজনতা।





