আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যালট বক্স ছিনতাই হলে কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত একটি মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচনের দিন যদি কোনো ভোটকেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই বা অনুরূপ ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকেই জবাবদিহিতার আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।

জাতীয় পর্যায়ে উত্তাপ বাড়ার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, তারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করে সরকারি কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কাউকে আলাদা করে তোষামোদ করার বা সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব যথাযথভাবে পালন করাই মূল কাজ। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সুষ্ঠু ও উৎসবমুখর হবে।

শেরপুরে নির্বাচনী সংঘাতের ফলে প্রাণহানির ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অপরাধীদের গ্রেপ্তারে কিছুটা সময় লাগতে পারে, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তিনি মন্তব্য করেন, ভাইয়ে ভাইয়ে বা অভ্যন্তরীণ কোন্দল মারামারিতে রূপ নিলে তাৎক্ষণিকভাবে তা থামানো কঠিন হয়। তবে নির্বাচনের দিনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি ইউনিয়নে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এবার তৃণমূল পর্যায়ে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। তিনি বলেন, এটি কোনো শঙ্কার বিষয় নয়, বরং ভোটারের সেবা নিশ্চিত করার জন্য নেওয়া উদ্যোগ। বিশেষ করে বয়স্ক ভোটারদের জন্য এটি সহায়ক হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীসহ সব নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচনী কর্মকর্তাদের মনোবল এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।