বিএনপি তিন দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের সকল জায়গা থেকে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশে ব্যানার-পোস্টার ছাড়া অন্যান্য শোকজনিত ব্যানার ও পোস্টার অস্থায়ীভাবে রাখা হচ্ছে।

\r\n

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন ব্যানার-পোস্টার সরানোর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

\r\n

ব্যানার-পোস্টার সরানোর কাজের সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়াল।

\r\n

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “ব্যানার-পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট হচ্ছে। কারও অধিকার বিঘ্নিত না হয় সে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। আমরা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্বেচ্ছাশ্রমে ব্যানার-পোস্টার সরানোর কাজ শুরু করেছি। ম্যাডামের মৃত্যুতে শোকের ব্যানার পোস্টার হয়তো কয়েকদিন থাকবে।”

\r\n

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি। কোনো কর্মসূচি শেষ হলে নিজে থেকেই তার ব্যানার-পোস্টার সরানো উচিত। তিন দিনের মধ্যে সারা দেশ থেকে সব ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা হবে।”