বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ছাত্রদলের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে যোগদানের ঘোষণা দেন।

নতুনভাবে ছাত্রদলে যোগ দেওয়া ছাত্র প্রতিনিধিরা হলেন—মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

এই সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খানসহ উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

যোগদান উপলক্ষে ছাত্র প্রতিনিধিরা জানান, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের পতাকাতলে এসেছেন। তারা বিশ্বাস করেন, জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।

এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, “ছাত্রদল একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন। গণতন্ত্র, জাতীয়তা ও স্বাধীনতা রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। তরুণ নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যতের জন্য যোগ্য নেতার প্রস্তুতিতেই আমরা কাজ করে যাচ্ছি।”

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি তাদের রাজপথে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।