রাজধানীর এমআরটি লাইন-৬-এ বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।
\r\nঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারহেড ক্যাটেনারি লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ কোথায় বিঘ্নিত হয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সমস্যার উৎস খুঁজে বের করতে কাজ করছে টেকনিক্যাল টিম।
\r\nএমআরটি লাইন-৬ এর এক কর্মকর্তা জানান, “এটি একটি পাওয়ার ট্রিপ সমস্যা। কোথায় হয়েছে তা নিশ্চিত নয়, অনুসন্ধান চলছে।”
\r\nহঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ স্টেশনে আটকে পড়েছেন, কেউবা ট্রেনেই আটকে গরমে কাহিল হয়ে পড়েছেন।
\r\nসামাজিক যোগাযোগ মাধ্যমে একজন যাত্রী জয় সাহা হৃদয় লিখেছেন, “আধঘণ্টা যাবৎ কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, মেট্রোরেল বন্ধ আছে। কখন চলবে কেউ জানে না।”
\r\nআরেক যাত্রী আরিফ জিহান জানান, “উত্তরাগামী মেট্রো আগারগাঁও এসে দাঁড়িয়ে আছে প্রায় ১৫ মিনিট। ভেতরে ভীষণ গরম, অবস্থা খুবই খারাপ।”
মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে বলে জানানো হয়েছে। তবে কখন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।





