বেঙ্গালুরু  থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে ভারতের কর্ণাটক রাজ্য পুলিশ। আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পুলিশ জানায়, সন্দেহজনক চলাফেরার কারণে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।

পরে তাদের হাওড়া-এর উদ্দেশ্যে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে পাঠানো হয়। শিশু ছাড়া বাকি আটক ব্যক্তিরা বেঙ্গালুরুতে অভিবাসী শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বলে জানা গেছে। সম্প্রতি তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।

এখন পর্যন্ত তাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলেও তারা বিস্তারিত জানাতে রাজি হননি।