সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।
সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারালো। তার জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।”
শোকবার্তায় উল্লেখ করা হয়, তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রসার, নারী ক্ষমতায়ন ও শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে কন্যাশিশু শিক্ষায় তার পদক্ষেপ উল্লেখযোগ্য। তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি যে প্রবৃদ্ধির পথে এগিয়েছিল, সেটিকে বিশ্বব্যাংক ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
মহাসচিব আরও স্মরণ করেন, ১৯৯৩-৯৫ ও ২০০৫-০৭ সালের মধ্যে সার্কের চেয়ারপারসন হিসেবে তার প্রজ্ঞা ও দূরদর্শিতা আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বড় ভূমিকা রেখেছিল। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়।
শোকবার্তায় বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতাকর্মী এবং দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। মহাসচিব মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন শোকসন্তপ্ত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পান।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ এই শোক কাটিয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের সংগ্রামে বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে অনুপ্রেরণা পাবে।





