ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপের মানাডো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু জানিয়েছেন, নিহতদের বেশিরভাগ মরদেহ তাদের নিজ নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় অধিকাংশ বয়স্ক বাসিন্দা বিশ্রামরত ছিলেন।

অপরদিকে, অন্তত ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি আগুনে দাউদাউ করে জ্বলতে থাকা বৃদ্ধাশ্রমের ভিডিও প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ায় প্রায়শই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসেই রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুনে অন্তত ২২ জনের মৃত্যু হয়। ২০২৩ সালে পূর্বাঞ্চলের একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারান।