ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে, বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সিইসি আজ সন্ধ্যা ৬টায় তার ভাষণ রেকর্ড করবেন। বুধবার এটি বিটিভি, বাংলাদেশ বেতার ও অন্যান্য গণমাধ্যমে সম্প্রচার করা হবে।
প্রত্যাশা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি, যা মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পাশাপাশি একটি ‘গণভোট’-ও অনুষ্ঠিত হবে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে। ইতোমধ্যেই সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে।





