নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদিয়া-১৩’-এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডের ওপর উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে শুরু করলে সেখানে থাকা শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং পরে সাঁতরে তীরে উঠে আসেন।
স্থানীয় সূত্র জানায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদিয়া-১৩’ লঞ্চের সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ‘জান্নাতি’ নামের সদরঘাটমুখী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি অল্প সময়ের মধ্যেই ডুবে যায়।
ডুবে যাওয়া ‘জান্নাতি’ বাল্কহেডের মালিক আলী আহমেদ বলেন, চাঁদপুরের দশআনি এলাকা থেকে বালু নিয়ে ঢাকার দিকে আসছিল বাল্কহেডটি। ফতুল্লা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ লঞ্চটি সরাসরি বাল্কহেডের দিকে চলে আসে। গতি পরিবর্তনের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, ফলে দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আইনগত ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, মালিকপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





