৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে ছাত্রশিবির। ময়মনসিংহ অঞ্চলে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান।
তিনি জানান, পরীক্ষার্থীদের চাপের তুলনায় বাসের সংখ্যা কম হলেও, সীমিত সামর্থ্যের মধ্যেই শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার দিন শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে পৌঁছাতে পারবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার দিন সকাল ৮টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে মোট চারটি বাস তিনটি ভিন্ন রুটে যাত্রা করবে। একেকটি বাস ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট, চরপাড়া ও টাউনহল অভিমুখে যাবে। নারী পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাসের প্রথম চারটি সারি আসন তাদের জন্য সংরক্ষিত থাকবে।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সবসময়ই আমরা কাজ করে এসেছি। পরীক্ষার দিন যেন কোনো ভোগান্তি না হয়, সে চিন্তা থেকেই বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের প্রতিটি পদক্ষেপে পাশে থাকাই আমাদের দায়িত্ব।” তিনি জানান, ভবিষ্যতেও ছাত্রদের স্বার্থ ও অধিকার রক্ষায় ছাত্রশিবির সক্রিয় ভূমিকা পালন করে যাবে।





