মদিনা শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী অবস্থিত এই শহরটি WHO নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করেছে।

সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান এই স্বীকৃতির সনদ গ্রহণ করেন।

গভর্নর সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি শহরকেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকার ও নিষ্ঠার প্রতিফলন। এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে শহরগুলোর উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধির একটি মডেল।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি পেতে হলে একটি শহরকে পার্ক, হাঁটার উপযোগী রাস্তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিদ্যালয়ের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ মোট ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়।

মদিনার আগে জেদ্দা এই স্বীকৃতি পেয়েছিল। এখন মদিনাও মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ স্বাস্থ্যকর শহর হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

এছাড়া সৌদি আরবের আরও ১৪টি শহর WHO’র কাছ থেকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হলো: তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।