উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (আজ) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সময়ে কার্যালয়ের সামনেই জাতীয়তাবাদী যুবদলের ব্যবস্থাপনায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আহতদের চিকিৎসায় সহায়তা করতে সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছেন। পুরো রক্তদানের কার্যক্রম তদারকি করছে যুবদলের গঠিত ১০ সদস্যের একটি মেডিকেল টিম। তারা জানান, মূলত নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত সংগ্রহ করা হচ্ছে। কেউ দাতার তথ্য নিচ্ছেন, কেউ রক্ত সংগ্রহ করছেন, আর কেউ তা সরাসরি সংশ্লিষ্ট হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ দলের কেন্দ্রীয় নেতারা।
বিএনপি নেতারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে তাঁরা শুধু রাজনৈতিক দায়িত্বই নয়, সামাজিক দায়িত্বও পালনের চেষ্টা করছেন।





