হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আনার বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, “আমি মনে করি এটি একটি দুর্ঘটনা। বিমানবন্দরের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছিল।”
তিনি আরও বলেন, “এই চার দেশের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করাতে চাই, যাতে তারা আগুন লাগার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে পারেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরদিন বিকেলে সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।





