বগুড়ার শেরপুরে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবল রায়হানুল ইসলাম রানা (৩২) মারা গেছেন। দুর্ঘটনা ঘটে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে।
নিহত রায়হানুল ইসলাম শহরের মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন এবং শনিবারই ঢাকার নৌপুলিসে যোগদানের কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





