মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা’র মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী তরুণ কুমার জানান, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বোতলে পেট্রোল ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তারা ভবনের মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে তানভীর হাসান জোহা বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে হচ্ছে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
জজ আদালতের মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ নাশকতার পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





