মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাট্রুপারদের নিরাপত্তার কারণে ১৬ ডিসেম্বর প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবসের দিন রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির সময় প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।





