আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে ‘কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা’ করার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সেখানে জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ, এজিএস প্রার্থী মহিউদ্দিন খানসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর রাজনৈতিক স্বাধীনতা এলেও সাংস্কৃতিক স্বাধীনতা আসেনি। এখনো স্বৈরাচারের দোসররা ইসলামিক প্রতীকগুলোকে অপমান করছে, নানা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা নির্বাচিত হলে ইসলামিক সিম্বলগুলোকে সমাজে স্বাভাবিকীকরণ করব।”

তিনি আরও বলেন, “আমরা কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি মাল্টিকালচারাল হাবে রূপান্তর করব, যেখানে হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমাসহ সকল ধর্ম ও সংস্কৃতির চর্চা নির্বিঘ্নে সম্ভব হবে।”

বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়েও কথা বলেন ভিপি প্রার্থী সাদিক। তিনি জানান, কলা ভবনের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ক্লাসরুম সংকট, পুরনো লিফট এবং নারী কমনরুমে নারী স্টাফের অভাবসহ বিভিন্ন সমস্যা উঠে এসেছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ করে সাদিক বলেন, “প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আমাদের হতাশ করছে। আমরা চাই তারা নিরপেক্ষ থাকুক এবং স্বচ্ছ আচরণ করুক।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএস প্রার্থী এস এম ফরহাদ জানান, তারা নিয়ম মেনে পোস্টার লাগালেও প্রশাসনের আচমকা নিয়ম পরিবর্তনের কারণে সমস্যা হয়েছে।

নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েন নিয়ে প্রশ্নে ফরহাদ বলেন, “বিভিন্ন ছাত্রসংগঠন এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে। সেনাবাহিনী মোতায়েনের আগে সব স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল।”

তিনি নির্বাচনে সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান।