জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী বহুল আলোচিত ও ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। পাশাপাশি, প্রতিকূল পরিস্থিতি দক্ষভাবে সামলে একটি প্রাণবন্ত নির্বাচন সম্পন্ন করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর এই ডাকসু ও হল সংসদ নির্বাচন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও—যারা ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূলতা মোকাবিলা করে একটি সফল, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছেন।”

নবনির্বাচিত নেতাদের উদ্দেশে নুরুল হক নুর আশা প্রকাশ করেন, “তারা যেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্ররাজনীতিকে এগিয়ে নিয়ে যান। এমন একটি রাজনীতি গড়ে তুলুন, যা জাতীয় রাজনীতির দখলদারিত্ব বা বিভাজন থেকে মুক্ত। ক্যাম্পাস হোক জ্ঞান, সংস্কৃতি, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাস্থল।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ডাকসু ও হল সংসদের নির্বাচন যেন প্রতি বছর নির্ধারিত সময়ে আয়োজন করা হয়—এমন একটি ক্যালেন্ডারভুক্ত একাডেমিক ইভেন্টে রূপ দেওয়ার উদ্যোগ নিতে হবে।”

দীর্ঘ ৬ বছর পর গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। নানা অভিযোগ ও বিতর্ক থাকলেও নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শীর্ষ তিনটি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।