ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে তামিলনাড়ুর করুর জেলায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে ৩৯ জন, যাদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনার পর বিজয় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরিবারের একজন সদস্য হিসেবে, যারা আপনজন হারিয়েছেন তাদের প্রত্যেককে ২০ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে ২ লাখ টাকা দেওয়া হবে। যদিও এই অর্থ ক্ষতির তুলনায় নগণ্য, তবুও এই মুহূর্তে পরিবারের পাশে থেকে সমর্থন প্রদানের চেষ্টা করছি।”
এর আগে বিজয় সামাজিক মাধ্যমে হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে; এই শোক ও যন্ত্রণার তুলনা করা যায় না। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করি।”
বিজয় সম্প্রতি রাজনীতিতে প্রবেশ করেছেন এবং তামিলনাড়ুতে ভোট প্রচারে ব্যস্ত। শনিবার করুরে অনুষ্ঠিত শোভাযাত্রা ও জনসভায় বিজয় মূল বক্তা ছিলেন। উপস্থিত ভিড় অত্যধিক হওয়ায় হঠাৎ হুড়োহুড়ি সৃষ্টি হয়, যা জনসভার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অসুবিধা তৈরি করে। কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন, আর কিছু শিশু জ্ঞান হারায়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।





