বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেনি, করেছে পুলিশ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ।


বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


হারুনুর রশীদ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগের লোকজন করেনি। এসব কাজ করেছে পুলিশ, সরকারের নির্দেশে। তিনি বলেন, আগামী দিনে দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ফরজ দায়িত্ব। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যার কোনো সুযোগ নেই।


তিনি আরও বলেন, পুলিশ এভাবে মানুষ হত্যা করতে পারে না। আমি যদি সংসদ সদস্য হই, তাহলে এমন কিছু করতে দেব না। থানা ও প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।


বিএনপির এই নেতা বলেন, জনগণ আমাদের ভোট দেয় যেন প্রয়োজনে আমাদের কাছে আসতে পারে। সাধারণ মানুষ থানা ও আদালতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হয় এবং সব সময় সেখানে যেতে পারে না। কিন্তু জনপ্রতিনিধির কাছে মানুষ দল-মত নির্বিশেষে স্বাধীনভাবে যেতে পারে। জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করাই জনপ্রতিনিধির দায়িত্ব।


মতবিনিময় সভায় হারুনুর রশীদ আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে তিনি বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।