বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের আলোচনায় এসেছেন প্রতিপক্ষ প্রার্থীকে অভিনন্দন জানিয়ে।
রবিবার (৩ নভেম্বর) বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় বগুড়া-৩ আসনে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদারকে মনোনীত করা হয়। এর পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন নূর মোহাম্মদ।
অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়। এক ঘণ্টার মধ্যেই প্রায় নয় হাজার রিয়্যাক্ট, ছয় শতাধিক কমেন্ট ও ৩৮০টি শেয়ার হয়।
নেটিজেনরা প্রতিপক্ষ প্রার্থীকে অভিনন্দন জানানোর এই ব্যতিক্রমী আচরণের জন্য জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদকে উদার মনের মানুষ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসান।
ফেসবুকে নানা মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স।
Syed Refazul Islam Keton নামের আইডি থেকে একজন লিখেছেন—
“পরস্পরের প্রতি এরকম শ্রদ্ধাবোধ দেখে আমি মোহিত ও মুগ্ধ। আপনি এই বয়সে যা শিখেছেন, আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন—সৃষ্টিকর্তা ভালো জানেন। আপনার জন্য ভালোবাসা নিরন্তর।”
Shoriful Islam Rts লিখেছেন—
“মাশাআল্লাহ, এমন সংস্কৃতি শুধুমাত্র জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর দ্বারাই সম্ভব। এমনই চাই বাংলাদেশ।”
Muhammad Sumon মন্তব্য করেছেন—
“ভাই, আপনার এই মনমানসিকতাকে স্যালুট জানাই।”
আরও একজন, Kazi Golam Kibria, লিখেছেন—
“নতুন বাংলাদেশের জামায়াতের তরুণ নেতৃত্বের চমৎকার ইতিবাচক মনোভাব তার লিখনীতে উঠে এসেছে। নূর ভাইকে ধন্যবাদ।”
নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, রাজনীতিতে পরস্পরের প্রতি এমন শ্রদ্ধা ও সৌজন্যবোধ একটি নতুন সংস্কৃতির সূচনা করতে পারে।
মিরর নিউজের পাঠকদের জন্য নূর মোহাম্মদের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
শুভেচ্ছা ও অভিনন্দন মহিত ভাই৷
বগুড়া—৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মহিত তালুকদার।
তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার মরহুম পিতা আমাদের সংসদীয় এলাকার তিন বারের সংসদ সদস্য ছিলেন। তার মরহুম বড়ো ভাই দুই বারের সংসদ সদস্য ছিলেন। মহিত ভাই নিজে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান জনাব মহিত তালুকদারকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তালুকদার পরিবার আমাদের এলাকাকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করেছে।
সিনিয়র রাজনীতিবিদ হিসেবে হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জন ও ভদ্র মানুষ।
আমার সৌভাগ্য—ঐতিহ্যবাহী এই রাজনৈতিক পরিবারের তৃতীয় ধারার সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
মহিত ভাই, তার দল এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি, আমরা একটা জম্পেশ নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব।
আদমদীঘি—দুপচাঁচিয়া জিন্দাবাদ৷ ❤
বাংলাদেশ জিন্দাবাদ ❤





