লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার বিনতি (৮) নিহত হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত স্মৃতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার ছোট মেয়ে আয়েশার মৃত্যু হয়।
এ ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেজো মেয়ে সায়মা আক্তার বিথি দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর অবস্থায় স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনে স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ এবং বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়। চিকিৎসা শেষে বিথি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্মৃতি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে—এর মধ্যে দুটি বন্ধ অবস্থায় এবং একটি খোলা ছিল। তবে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সরাসরি আলামত পাওয়া যায়নি বলে পুলিশের দাবি।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আগুনে পুড়ে প্রথমে আয়েশার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।





