বিএনপি জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়, রাতের আঁধারে কারসাজির মাধ্যমে নয়—এমন মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
শনিবার (২৩ আগস্ট) রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশিয়ার একজন প্রজ্ঞাবান ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ। তিনি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ রাজনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে মুক্তি পাবে।”
নূরুল ইসলাম আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন মহলকে ডেকে সংস্কারের নামে যেসব উদ্যোগ নিচ্ছে, তা তারেক রহমান দুই বছর আগেই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। আজ যেসব সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে—সেগুলোর বেশিরভাগই বিএনপির প্রস্তাবিত দফাগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। এখন আমরা সেই রূপরেখা তৃণমূলে পৌঁছে দিচ্ছি।”
স্বৈরাচারের দোসররা ভবিষ্যতে দেশের গণতন্ত্র ও রাজনীতিকে নস্যাৎ করার ষড়যন্ত্র করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি মানবিক, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত করতে চায় বিএনপি।”
সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নূরুল বলেন, “নানা কৌশলের কথা বলে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে বিএনপি রাজপথে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলনে আমরা জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির সদস্যসচিব মোরশেদ আলম, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান সৌরভসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





