চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তত ৬০ জন নেতাকর্মী। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে দাইপুখুরিয়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে দাইপুখুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের সাবেক বিএনপি কর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকারীরা জানান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলা, জনকল্যাণমূলক কর্মসূচি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি তাদের আকৃষ্ট করেছে। এসব কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, দলের আদর্শ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দল তাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে।
তবে এই দাবির সঙ্গে একমত নন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তসিকুল ইসলাম। তিনি বলেন, যোগদানকারী ৬০ জনের কেউই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার দাবি, জামায়াতে ইসলামী নিজেদের দলের কর্মীদের দিয়ে নাটক সাজিয়ে এ ধরনের কর্মসূচি পরিচালনা করছে।





