বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি বলেন, ১৯৯১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া দেশের মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ ও উপবৃত্তির ব্যবস্থা করেন। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত নারীদের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।


রোববার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকতউল্লাহ বুলু।


তিনি আরও বলেন, “৯০-এর গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে। সেই সময় চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, কিন্তু নেয়নি। কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এরপর ১৯৯১ সালে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।”


সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।


এতে আরও বক্তব্য রাখেন—

কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন।


সম্মেলনে বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে সভাপতি, কবির হোসেনকে সাধারণ সম্পাদক এবং হুমায়ুন কবির বাবুলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।