সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু-মুসলিমসহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি রাজপথে আন্দোলন ও নির্বাচনী মাঠে রয়েছে। জনগণের রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে রায়গঞ্জ উপজেলার নিমগাছী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সোনাখাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, বিএনপি নেত্রী রুহি আফজাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, সলঙ্গা থাানা বিএনপির নেতা শফি তালুকদার প্রমুখ।





