চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় নিজ বাসভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল, স্বাধীন ও সাহসী সাংবাদিকতার বিকল্প নেই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও দৃঢ় ও আপসহীন হওয়া প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে ভিন্নমতশূন্য অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জীবননগর উপজেলার জনগণের প্রত্যাশা, রাজনৈতিক সহাবস্থান এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম নিয়েও আলোচনা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবু খান বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।





