বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপি সরকারে এলে তাদের প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বরকতউল্লাহ বুলু বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে সিলেট, রংপুর ও ময়মনসিংহকে বিভাগ করা হয়েছিল। এখন সময় এসেছে নোয়াখালীকে বিভাগ করার। এটি আমাদের প্রথম অগ্রাধিকার হবে।”

তিনি বলেন, “নোয়াখালীর আয়তন এখন প্রায় ২ হাজার বর্গকিলোমিটার বেড়েছে, সমুদ্রবন্দর স্থাপিত হচ্ছে। বাংলাদেশের সৃষ্টিতে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে ছিলেন—সিরাজুল আলম খান না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না, আ স ম আব্দুর রব প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। প্রখ্যাত সাংবাদিক ও জাতীয় নেতাদের অনেকের শিকড়ও নোয়াখালীতে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “পাকিস্তান আমলে প্রথম যে জেলা কমিটি গঠিত হয়েছিল, তা ছিল নোয়াখালী জেলা সমিতি। বিএনপি আবার ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মও বৃহত্তর নোয়াখালী অঞ্চলে। তাই ঐতিহাসিক, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে নোয়াখালী বিভাগ হওয়া সময়ের দাবি।”