বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। অথচ প্রধান উপদেষ্টা কেবল বিএনপিকেই নির্বাচন বিলম্বের জন্য দোষারোপ করছেন—এটা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
\r\nশুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায়দের মাঝে কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহউদ্দিন।
\r\nতিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটি সঠিক তথ্যের ভিত্তিতে বলা হয়নি। হয়তো তথ্য ঘাটতির কারণে এমন মন্তব্য করেছেন, তাই আমরা এটিকে বিরূপভাবে নিচ্ছি না।”
\r\nবিএনপি নেতা আরও বলেন, “সমগ্র জাতি একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ শিগগিরই প্রকাশ করবে।”
\r\nসংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি কখনোই সম্পূর্ণ শেষ হয় না। সময় ও প্রয়োজনের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রে সংস্কার চলতেই থাকে।”
\r\nশেখ হাসিনার সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “যেসব অপরাধ ও অন্যায় এই সরকার করেছে, তা থেকে কেউ রেহাই পাবে না। শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপরাধের জন্য আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
\r\nতিনি আরও জানান, বিএনপি একটি সমতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, এবং সেই লক্ষ্যেই আগামী দিনের আন্দোলন ও কর্মসূচি পরিচালিত হবে।





