হবিগঞ্জ–৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিপুলসংখ্যক নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রমাণ করে, দল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।

রোববার রাতে সদর উপজেলার পইল গ্রামে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চায় যেখানে নীতি, সততা ও মানুষের কল্যাণই হবে রাজনীতির মূল ভিত্তি।

তিনি দাবি করেন, দল মানুষের জীবনমান উন্নয়ন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে।

বক্তব্যে জিকে গউছ বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা মামলাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। তার দাবি, এই মামলার কারণে বিএনপি চেয়ারপারসনকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে এবং এর প্রভাব তার স্বাস্থ্যের ওপর পড়েছে।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে, যা দলের নেতাকর্মীদের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।