বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আরও ১১ নেতাকে বহিষ্কার করেছে। বুধবার (২৮ জানুয়ারি) দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠুর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান; শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম; পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লা; এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী।
তাদের সবাইকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রকাশিত হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
বহিষ্কৃত শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু সাংবাদিকদের বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমি কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই।”
শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। দলের যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব। তবে কোথায় কী দোষ করেছি, তা নিজেও জানি না।”





