অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তবে তার ওই মন্তব্য থেকে দলকে সম্পূর্ণভাবে আলাদা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন, উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা রয়েছে এবং সাত্তারের মন্তব্য তার ব্যক্তিগত, দলের নয়।


শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সেমিনারে বক্তব্য দেন এবিএম আব্দুস সাত্তার। সেখানে কারও নাম উল্লেখ না করেই তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা 'সীমাহীন দুর্নীতিতে' জড়িত। বর্তমানে তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।


সাত্তারের বক্তব্যের পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ একটি বিবৃতি দিয়ে তার অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, কোনো নির্দিষ্ট তথ্য বা নাম ছাড়া এমন অভিযোগ জনআস্থার জন্য ক্ষতিকর। অভিযোগের পেছনে যদি সত্যতা থাকে, তাহলে তা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।


অন্যদিকে শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে। এবিএম আব্দুস সাত্তারের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”


এই বিবৃতির মধ্য দিয়ে বিএনপি স্পষ্ট করেছে যে, উপদেষ্টাদের বিরুদ্ধে সাত্তারের অভিযোগ দলীয় অবস্থান নয়।