নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ মে) সকাল থেকে এনসিপি মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।

\r\n

বিক্ষোভ থেকে নির্বাচন কমিশনের বর্তমান সদস্যদের “বিতর্কিত” বলে আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা বলেন, কমিশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

\r\n

সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, “এই উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগে বাধ্য করব।”

\r\n

তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। অন্যদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কাজ করছেন আইন মন্ত্রণালয়কে দুর্বল করতে।”

\r\n

নাসির উদ্দীন বলেন, “আসিফ নজরুল ও সালেহউদ্দিনকে পদত্যাগ করাতে হবে। জনগণ যেমন ব্যর্থ নেতৃত্বকে ছুড়ে ফেলে দেয়, তেমনি এদেরও ছুড়ে ফেলবে। নির্বাচনী কমিশন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে। এটি মেনে নেওয়া হবে না।”

\r\n

বক্তব্যে ভারত প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “সালেহউদ্দিন ভারত থেকে এসে ভারতের দালাল হয়ে গেছেন। ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন তিনি। তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বন্ধ রাখতে চাচ্ছেন।”

\r\n

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে পাটোয়ারী বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনার টালবাহানা দেশের সঙ্গে বেঈমানি। জনগণের রক্তের সাথে বেআইনি আচরণ করলে, আপনি এদেশে থাকতে পারবেন না।”

\r\n

বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না। আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করছে, নগর ভবন বন্ধ করছে—এটা আর চলতে দেওয়া হবে না।”

\r\n

সমাবেশ শেষে নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।