বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, “বিএনপিতে কোনো বেইমান নেই। এই দল ইমানদারদের দল।” বুধবার (১৬ জুলাই) বিকালে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রাজনীতি করতে হলে বিএনপি করাই উচিত। নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। এ দলে যেন কোনো অপশক্তি অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তাদের অনেক নেতা অতীতে কীভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন, তা দেশের মানুষ জানে।”

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন, সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।