নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এই সংঘর্ষ চলে। স্থানীয়দের দাবি, উভয় পক্ষের সমর্থকরা একে অপরের বাড়িতে লুটপাট ও আগুন দেয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালু মহাল দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে। বৃহস্পতিবার রাতে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুই বিএনপি নেতাকে থানায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বলেন, অন্তত চারটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, একাধিক স্থানে আগুন লাগার কারণে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।





