ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত সদস্য সর্ব মিত্র চাকমা নিজের জাত ও রাজনৈতিক অবস্থান নিয়ে নানা সমালোচনার জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি জানান, মনোনয়নপত্র তোলার পর থেকেই বামপন্থি সংগঠনের অনেক নেতাকর্মী তার বিরুদ্ধে জাত-বিরোধী আক্রমণ শুরু করেন।
সর্ব মিত্র লিখেছেন, “যখন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র নিলাম, সবার আগে বামেরা আমাকে জাতচ্যুত করলো। যেন বামপন্থিদের কাছেই আমাদের জাত পরিচয়ের মালিকানা রয়েছে। নিজের মানুষের কেউ কেউ তখন সোশ্যাল মিডিয়ায় যা শুরু করেছিল— আমি সব সময় সংযত থাকার চেষ্টা করেছি, সহ্য করে গেছি। বারবার বলেছি, ‘না, আমি শিবিরে যোগ দিইনি। এটা শুধু একটি নির্বাচনি জোট। আমি ধর্মও ত্যাগ করিনি।’ আরও বলেছি, ‘বিশ্বাস করতে না চাইলে করবেন না, কাজ দেখবেন।’”
তিনি আরও জানান, নির্বাচনি প্রচারের সময় বিভিন্নভাবে তাকে উসকানি দিয়ে এমন কিছু বলানোর চেষ্টা করা হয়েছিল, যা হিন্দু বা পাহাড়ি জাতিগোষ্ঠীর বিরোধী শোনায়। “একটি বামমুখী মিডিয়া এই চেষ্টা করেছে। চেয়েছে আমি যেন হিন্দু সম্প্রদায় কিংবা জগন্নাথ হল সম্পর্কে কিছু নেতিবাচক বলি,”—লিখেন সর্ব মিত্র।
পোস্টে সর্ব মিত্র চাকমা সম্প্রতি খাগড়াছড়িতে ঘটে যাওয়া উত্তেজনাকর পরিস্থিতির কথাও তুলে ধরেন। জানান, ঘটনার পরপরই তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, যেন সহিংসতা না ছড়ায়। দ্রুত ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলেন এবং উক্যানু মারমার আটকের বিষয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “আমি তো ঢাবির একজন ছাত্র প্রতিনিধি মাত্র। চুপ থাকলেও আমার বড় কিছু ক্ষতি হতো না। কিন্তু আমি থেকে থাকতে পারিনি। জানি, আমি যা-ই করি, আপনাদের মনপসন্দ না হলে বিরোধিতা করবেনই। আমি কলিজা রান্না করে খাওয়ালেও আপনারা ক্ষান্ত হবেন না।”
পোস্টের একদম শেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার জাত পরিচয় নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আপনার নেই। আমি একজন চাকমা, আমি একজন বাংলাদেশি—এটাই আমার পরিচয়।”





