বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আমজানখোর ইউনিয়নের একটি নির্ধারিত স্থানে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ্ সিবগা (ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমির মোঃ রফিকুল ইসলাম।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৭নং আমজানখোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (রাজু)। সমাবেশটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সমাবেশে বক্তারা বলেন, অতীতে সংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ও বাধার সম্মুখীন হলেও তারা ধৈর্য, শৃঙ্খলা ও আদর্শের পথ থেকে বিচ্যুত হননি। বক্তারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত না হয়ে আদর্শিক ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন, ইসলামী আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও বলা হয়, কোনো সমস্যা, বিভ্রান্তি বা উসকানির মুখোমুখি হলে নিজ উদ্যোগে সিদ্ধান্ত না নিয়ে সংগঠনের দায়িত্বশীলদের অবগত করার আহ্বান জানানো হয়।
কর্মী সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





