বান্দরবান প্রতিনিধি: ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি ইনসাফের এবং নতুন বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বাদে আছর বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে বান্দরবানের তরুণ ছাত্র জনতা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রণী সংগঠক ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির হত্যাই নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এ অবস্থায় বিচার নিশ্চিত না হলে গণআন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্রসমাজ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।





