বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মধ্যম বাইশারী এলাকার চিহ্নিত ডাকাত মো. হোসেনের বাড়ির পার্শ্ববর্তী একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ধরনের অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





