চেক প্রতারণার দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহিদুর রহমান সোহেলকে তিন মাসের কারাদণ্ড ও একই পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

\r\n

সোমবার (২৬ মে) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া এ রায় ঘোষণা করেন।মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

\r\n

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রয়োজনে শহিদুর রহমান সোহেল মোহাম্মদ হারুনুর রশিদের কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দেওয়ায় ২০২৪ সালের ১০ জানুয়ারি বান্দরবান পৌরসভা মার্কেট ভবনে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

\r\n

সেখানে সোহেল ইউসিবি ব্যাংকের একটি চেক প্রদান করেন। তবে অভিযোগকারী হারুনুর রশিদ তিন দফায় চেকটি ব্যাংকে উপস্থাপন করলেও প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়, কারণ আসামির অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ ছিল না।

\r\n

পরবর্তীতে বারবার অনুরোধ সত্ত্বেও টাকা ফেরত না পাওয়ায় অভিযোগকারী আইনের দ্বারস্থ হন।

\r\n

চাক প্রতারণার অভিযোগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদ হারুনুর রশিদ মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি শহিদুর রহমান সোহেলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ডের রায় দেন।

\r\n

বাদীপক্ষের আইনজীবী জানান, “টাকার বিষয়ে একাধিক সালিশি বৈঠক হলেও কোনও সুরাহা হয়নি। আদালতের এ রায় ন্যায়বিচারের প্রতিফলন।”